গোয়াইনঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড: আটক ২


গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়েছে। উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে গোয়াইনঘাট উপজেলা বিএনপি। কিন্তু পুলিশের বাধাঁর কারণে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার ও উপজেলা ছাত্রদল নেতা হাবিবুর রহমানকে আটক করে থানা পুলিশ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ওসমান গনি, সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফখরুল ইসলাম, আব্দুল কাদির, লোকমান উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী এবাদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মোঃ দেলওয়ার হোসেন বলেন বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এ সময় যুবদল ও ছাত্রদলের ২ কর্মীকে আটক করা হয়েছে বলে জানান।




