কানাইঘাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক

কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলার কানাইঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার বড়চতুল ইউপির হারাতৈল উপর বড়াই ও বাগেরআগন গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে বাগেরআগন গ্রামের পক্ষে সংঘর্ষে যোগ দেয় কাজিরপাতন গ্রামের লোকজন।
মঙ্গলবার সকাল ১০টায় জলসার বাজারের দোকান বসানোকে কেন্দ্র করে উভয় গ্রামের হাজারো মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং ও কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার স্থানীয় হারাতৈল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এ ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বাগেরআগন গ্রামের মুজম্মিল আলীর পুত্র বদরুল ইসলাম ও হারাতৈল গ্রামের জিয়াউল হকের পুত্র আবুল হোসেনের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে পরদিন মসজিদের মাইকে ডাক দিয়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হন। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।



