অনুমোদনহীন টিউবওয়েলের বিরুদ্ধে সিসিকের অভিযান


ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার উদ্যোগে সোমবার সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়েছে। বিকেল ৪টা থেকে পরিচালিত অভিযানকালে অনুমোদন না থাকায় একটি টিউবওয়েলের পাইপলাইন সিলগালা করা হয়।
এসময় সেখান থেকে টিউবওয়েল এর সাথে সংযুক্ত মোটরপাম্পও জব্দ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখা জানিয়েছে, ৮ নম্বর ওয়ার্ডের পানপাড়া পল্লবী বক্ল এ কালিবাড়ী রোডের বাসিন্দা আমির আলী বিনা অনুমতিতে টিউবওয়েল স্থাপন করেন। পরপর তিনবার নোটিশ প্রদানের পরও তিনি সিটি কর্পোরেশনের অনুমোদন গ্রহন করেননি। যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে সিটি কর্পোরেশনের পানি শাখার উপ সহকারী প্রকৌশলী সাফায়েত আহমদ চৌধুরী, এনামুল হক তাপাদারসহ সংশ্লিষ্ট এলাকার নলকূপ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের একটি ফোর্সও অভিযানে অংশগ্রহন করে।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, যারা ইতোমধ্যে বিনা অনুমতিতে টিউবওয়েল স্থাপন করেছেন তাদেরকে বারবার নোটিশ দিয়ে, মাইকিং করে, গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে অনুমোদন গ্রহনের আহবান জানানো হয়েছে। তারপরও যারা এখনও অনুমোদন গ্রহন করেননি তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা গ্রহন করবে সিলেট সিটি কর্পোরেশন।




