উল্লেখযোগ্যমৌলভীবাজার

ডাকাতির সময় প্রায়ই নারীদের ধর্ষণ করত যে ডাকাত!

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গ্রেপ্তার হওয়া মোস্তাক আহমদ (৪০) নামের এক ডাকাত ডাকাতির সময় প্রায়ই নারীদের ধর্ষণ করতেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে এ কথা স্বীকার করেছে বলে বুধবার জানিয়েছে পুলিশ সূত্র। মোস্তাকের বাড়ি কুলাউড়ার পাশের রাজনগর উপজেলার মৌলভীরচক গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বিভিন্ন থানায় মোস্তাকের বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে। ডাকাতিতে গিয়ে মোস্তাক নারীদের ধর্ষণ করতেন বলে জনশ্রুতি ছিল। কিন্তু ধর্ষণের বিষয়ে কোনো লিখিত অভিযোগ ছিল না। এদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে মোস্তাকের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান এবং দুটি গুলি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর কমলগঞ্জ উপজেলার একটি বাড়িতে ডাকাতিকালে এলাকাবাসী মোস্তাককে আটক করে পিটুনি দেন। পরে আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠার পর আদালতের মাধ্যমে তাঁকে মৌলভীবাজারের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

একই বছরের ১৭ নভেম্বর কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের একটি ডাকাতির ঘটনায় করা মামলায় মোস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে রিমান্ড আবেদন করে। এ পরিপ্রেক্ষিতে আদালত ২ এপ্রিল তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে লুণ্ঠিত মালামাল উদ্ধারের উদ্দেশ্যে রাজনগর থানা-পুলিশের সহযোগিতায় কুলাউড়া থানার পুলিশ মোস্তাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাইপগান ও গুলি জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বুধবার বলেন, মোস্তাকের বিরুদ্ধে কুলাউড়াসহ মৌলভীবাজারের বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতিতে গিয়ে প্রায়ই নারীদের ধর্ষণ করতেন বলে স্বীকার করেছেন। আগে বিষয়টি জনশ্রুতি ছিল। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাজনগর থানায় মোস্তাকের বিরুদ্ধে মামলা হয়েছে।

Related Articles

Back to top button