আন্তর্জাতিকউল্লেখযোগ্য

শৌচাগারকে মন্দির ভেবে পূজা!

নিউজ ডেস্ক: গত এক বছর ধরে ভারতের উত্তরপ্রদেশের মৌদহ অঞ্চলের বাসিন্দারা গেরুয়া রঙের বাড়িটির সামনে মাথা নত করে প্রণাম করতেন। বাড়ির বাইরে ঘটা করে পূজাও করা হতো।

স্থানীয়দের ধারণা ছিল, এটি কোনো মন্দির। সম্প্রতি জানা গেছে, এটি একটি অব্যবহৃত শৌচালয়। এক বছর আগে তৈরি করা হলেও এখনও পর্যন্ত সাধারণের ব্যবহারের জন্য চালু করা হয়নি।

বাড়ির রঙ দেখেই আশেপাশের মানুষের ধারণা হয়েছিল, এটি নির্ঘাত কোনো মন্দির। তবে ভেতরে ঢুকে কখনও দেখেননি কেউই।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে তৎকালীন অতিরিক্ত জেলাশাসক (এডিএম) অজিত পরেশ এবং মৌদহ নগর পঞ্চায়েত সমিতির সভাপতি রামকিশোরের উপস্থিতিতে ধুমধাম করে উদ্বোধন হয়েছিল এই সাধারণ শৌচালয়ের। গেরুয়ারাজের নিয়ম মেনে শৌচালয়ের রঙও করা হয়েছিল গেরুয়া। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সাধারণের ব্যবহারের জন্য এখনও পর্যন্ত খোলা হয়নি এটি।

হানি সিং নামক স্থানীয় এক বাসিন্দার এই শৌচালয়ের সামনে একটি দোকান রয়েছে। তিনি জানান, গেরুয়া রঙের কারণেই স্থানীয় বাসিন্দারা এটিকে মন্দির বলে ভাবতে শুরু করে। রঙ বদলে দেওয়ার পর বিভ্রান্তি দূর হয়ে যাওয়ার কথা। তবে এই শৌচালয় এখনও ব্যবহারে না আসার দরুন আঞ্চলিকদের সমস্যা হচ্ছে বলেই জানিয়েছেন হানি সিং।

মৌদহ নগর পঞ্চায়েত সমিতির সভাপতি রামকিশোর জানিয়েছেন, শৌচালয়টি এক বছর আগে তৈরি করেছিল নগর পালিকা পরিষদ। তাদের নিয়োজিত ঠিকাদার এটির রঙ গেরুয়া করার দরুন এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button