লিড নিউজ

মৌলভীবাজার পাসপোর্ট অফিসের সামনে চার দালাল আটক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের চার সদস্যকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে এ সাজা দেন সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

সাজা প্রাপ্তদের মধ্যে – রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. হামিদ মিয়া (২৮) তিন মাসের কারাদণ্ড, কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামের ছানাউর আলীর ছেলে মো. মাহমুদুর রহমান (৪৮) এক মাসের কারাদণ্ড, জুড়ী উপজেলার তাতীলাসংগন গ্রামের আখলাছ মিয়ার ছেলে ঈছাম উদ্দিন (২৭) পনের দিনের কারাদণ্ড, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শাহ উল্লার ছেলে ছনু মিয়াকে (৫৫) পনের দিনের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, দ্রুত সময়ে পাসপোর্ট দেওয়া, ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সমশেরনগর সড়কে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

Related Articles

Back to top button