লিড নিউজ

শিববাড়িতে পৃথক বোমা বিস্ফোরণ: পুলিশসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে পুলিশসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা ও রাত ৮টায় বোমা দু’টি বিস্ফোরিত হয়। প্রথম বোমাটি জঙ্গিদের হামলার মাধ্যমে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করতে গিয়ে এর বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে আছেন পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কায়সার ও ছাত্রলীগ নেতা পাপ্পু। এছাড়া আছেন মাসুক নামের একজন।

এসএমপির উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই বিস্ফোরণে আহত অন্তত ৩৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে র‌্যাব ৯ এর লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও মেজর আজাদ, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ রয়েছেন। এদের মধ্যে দুই র‌্যাব কর্মকর্তা ও ডিবির ওসি মনিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিস্ফোরণে আহত আরও ১৭ জন ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- মোস্তাক আহমেদ, নাজিমউদ্দিন, রোমেল আহমেদ, অহিদুল ইসলাম, ইসলাম আহমেদ, নুরুল আলম, বিপ্লব হোসেন, আব্দুর রহিম, সত্তারউদ্দিন, রাহিম মিয়া, হোসেন আহমেদ, মামুন আহমেদ, ফারুক মিয়া, সালাউদ্দিন শিপার, গুলজার আহমেদ, রিমন আহমেদ ও আজমল আলী।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।

Related Articles

Back to top button