ফের পেছালো কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ


নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে সকল আসামি হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ মার্চ তারিখ ধার্য করেছেন বিচারক। এনিয়ে টানা চার দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হল।
জানা যায়, বুধবার মামলার ধার্য তারিখে জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বরখাস্তকৃত মেয়র গৌছসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির থাকলেও সাক্ষী ও ঢাকার কাশিমপুর কারাগারে থাকা আসামিদের কেউই হাজির হননি। ফলে আদালত মামলার পরবর্তী তারিখ ১ মার্চ নির্ধারণ করেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৭, ১৮ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি একই কারণে সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছিল। আলোচিত এ মামলায় এখনও পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় ১৭১ জন সাক্ষী রয়েছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।




