ব্লগার অনন্ত হত্যা: ৬ জনের বিরুদ্ধে চার্জশিট


নিউজ ডেস্ক : ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জশীট আদালতে গৃহীত হয়েছে। সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা গত সোমবার ৬ আসামীর বিরুদ্ধে এ মামলার চার্জশিট গ্রহণ করেন। আদালত আগামী ২৩ মে চার্জ গঠনের তারিখ ধার্য্য করেছেন। চার্জশিটভুক্ত আসামীরা হচ্ছে-আবুল হোসেন(২৫), ফয়সাল আহমদ(২৭), মামুনুর রশীদ(২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন(২৪), আবুল খায়ের রশীদ আহমদ(২৫), সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। চার্জশিট থেকে ফটো সাংবাদিক ইদ্রিসসহ ১০ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ জানুয়ারি অনন্ত বিজয় হত্যা মামলার সম্পূরক চার্জশিট দাখিল করেন সিআইডি’র অর্গানাইজড ক্রাইমের পরিদর্শক আরমান আলী। চার্জশিটের ওপর শুনানীশেষে আদালত গত সোমবার বিকালে তা গ্রহণ করেন।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজার নুরানী দীঘিরপারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় পূবালী ব্যাংক কর্মকর্তা ও মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশকে। হত্যার একদিন পর তার বড় ভাই রতেœশ্বর দাস বাদী অজ্ঞাত চার আসামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ইউনিট।




