জাফলংয়ে দুই পাথর শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে ফের দুই পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তি এলাকায় পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এসময় আরো দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত দুই পাথর শ্রমিক হলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজারের মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নয়াবস্তি এলাকায় একটি গর্তে এই দুর্ঘটনাটি ঘটে। অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর উত্তোলনের সময় চারজন পাথর শ্রমিক মাটি চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ইউএনও গোয়াইনঘাট মো. সালাহ উদ্দিন ও থানার ওসি দেলওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।



