বাংলাদেশ অধিনায়কের ‘অটোগ্রাফ’ নিলেন অশ্বিন


স্পোর্টস ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে দ্রুততম আড়াইশ উইকেটের মালিক হয়েছেন সদ্য শেষ হওয়া হায়দারাবাদ টেস্টেই। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান, বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটটি তুলে নিয়ে এই অনন্য-কীর্তি নিজের করে নেন বর্তমান সময়ের সেরা এই অফ স্পিনার।
অশ্বিন নিজের এই কীর্তি উদযাপন করেছেন ম্যাচের শেষে। অশ্বিনের ‘আড়াইশতম’ শিকার মুশফিকও অশ্বিনের সেই উদযাপনের সঙ্গে মিশে ছিলেন। গতকাল (১৩ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে ভারতীয় এই অফ স্পিনার আড়াইশতম উইকেট পাওয়ার বলটিতে সই নিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়কের।
মুশফিক নিজেই বলেছেন ঘটনাটা, ‘হ্যাঁ, ম্যাচ শেষে অশ্বিন বলে আমার সই নিয়ে গেছে। আমি তাঁর আড়াইশতম শিকার। সে ডেনিস লিলির রেকর্ড ভেঙেছে, সেটি আমরা জেনেছি।’
স্মারকের দারুণ ভক্ত অশ্বিন। নিজের আড়াইশতম উইকেট পাওয়া বলটি তিনি সংগ্রহে রাখতেই পারেন। কিন্তু ব্যাপারটিকে তিনি অন্য মাত্রা দিলেন সেই বলে তাঁর আড়াইশতম শিকারের অটোগ্রাফ নিয়ে রেখে।
হায়দারাবাদ টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে বাংলাদেশ ৩৮৮ রান করে। মুশফিকুর রহিম খেলেন ১২৭ রানের অসাধারণ এক ইনিংস। অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরার সময় মুশফিক উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দেন।
ভারতের সদ্য বিদায়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও স্মারকের খুব বড় ভক্ত। ভারতের হয়ে প্রতিটি ম্যাচ জয়ের স্মারক হিসেবে নিজের সংগ্রহে রেখে দিয়েছেন ওই ম্যাচগুলোর একটি করে স্টাম্প।
সূত্র: এনডিটিভি




