‘ড. জাফর ইকবাল সজ্ঞান ও আশঙ্কামুক্ত’


নিউজ ডেস্ক: হামলার শিকার লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা। রোববার (০৪ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে সিএমএইচে এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, শনিবার রাতে হাসপাতালে আনার পর জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে তিনি সজ্ঞান ও আশঙ্কামুক্ত রয়েছেন।
তার মাথায় চারটি, পিটে ও হাতে একটি করে আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, তিনি এখন স্বাভাবিকভাবে রয়েছেন। তার মানসিক অবস্থা ভালো। চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করছেন তিনি। তবে এই মুহূর্তে চিকিৎসার স্বার্থে দর্শনার্থী না যাওয়া ভালো।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকায় পৌঁছেই ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করানো হয়।




