গোয়াইনঘাটে বাসর রাতে বর অপহরণের অভিযোগ: আটক ৪


দিদারুল আলম, গোয়াইঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পল্লীতে বাসর রাতে বর অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বরের মা তার ছেলেকে অপহরণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার ও করেছে। গ্রেফতারকৃতরা হলঃ নূর ইসলাম, শরিফ, কয়সর, হাশিম। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রোববার (২১শে মে) তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রামের মঈন উদ্দিনের ছেলে ওমান ফেরৎ আসাব উদ্দিন একই গ্রামের সরকুম আলীর কন্যা শামিমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কনের পিত্রালয় থেকে বাড়ী ফেরার পর রাত ১০টার দিকে আসাব উদ্দিন তার বাড়ীর পার্শ্ববর্তী মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয়ের জন্য যান। কিন্তু ঘন্টা দুয়েক অতিবাহিত হওয়ার পরও তিনি ঘরে না ফেরায় তার আত্মীয়-স্বজনেরা দিকবেদিক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পান নি। পরে আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, লেঙ্গুড়া হাওর (পরকুড়ি বিলের পার) গ্রামের জয়নুদ্দিনের পুত্র আয়নুল্লাহ, মকবুল আলীর পুত্র ইলিয়াস মিয়া, আনফর আলীর পুত্র জয়নুল ইসলাম, সেলিম মিয়া, লেঙ্গুড়া হাওর গ্রামের আয়নূল্লাহর পুত্র কয়েছ, আজিজুর রহমানের পুত্র শরিফ উদ্দিন, মাহমুদ আলীর পুত্র আলিমসহ গংদের সাথে তাদের জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। ইতিপূর্বে তাদের সাথে মামলা-মোকদ্দমা ও একাধিকবার শালিস বৈঠক হয়েছে। ওইসব লোকজন আসাব উদ্দিনকে বারবার হুমকি দিয়ে আসছিল যে “তুই যদি আমাদের পাওনা টাকা পরিশোধ না করিস তা হলে তোর বউয়ের সাথে বাসর করতে দেব না “ এ ব্যাপারে গোয়াইনঘাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন- বিয়ের রাত থেকে আসাদ উদ্দিনকে খোঁজে পাওয়া যাচ্ছে না মর্মে তার মা আনোয়ারা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার তদন্ত করে গেছেন। অপহর না আত্মগোপন, বিষটি খতিয়ে দেখা হচ্ছে।



