লিড নিউজ

নগরীর সুবিদবাজারে শিমুল দেব হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর সুবিদ বাজারে পূর্ব শত্রুতার জেরে  শিমুল দেবকে (৩২) বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের ভাই নন্দন দে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) ফয়েজ আহমদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় ফজল বকতকে প্রধান ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার ভোরের দিকে নগরীর ফাজিলচিস্ত এলাকা থেকে ফজলকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন ফজলের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- পরিবারের অভিযোগের ভিত্তিতে ফজলকে ভোররাতে তার নিজ বাসা থেকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

শিমুলের পরিবারের দাবি, শিমুল ও ফজল একসময় পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু কয়েকদিন থেকে তাদের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে টানাপোড়ন চলছিলো। তারই জের ধরে ফজল শিমুলকে খুন করেছে বলে পরিবার দাবি করছে।

Related Articles

Back to top button