খালেদা জিয়ার সাজা স্থগিত, জামিন শুনানি রোববার


মিডিয়া ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেছেন আদালত। এ সময় আদালত জরিমানার বিষয়টিও স্থগিত করেছেন। পরে জামিনের ওপর শুনানি শুরু হয়। আদালত শুনানি শেষে আগামী রোববার দুপুর পর্যন্ত তা মুলতবি রেখেছেন।আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে সকাল সাড়ে ১০টার দিকে আপিলের শুনানি শুরু হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আপিল গ্রহণের জন্য আবেদন জানালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য দুই ঘণ্টা সময় চান। আদালত তখন দুপুর ১২টায় শুনানি শুরুর আদেশ দেন।দুপুরে শুনানির পর আদালতে খালেদা জিয়ার প্যানেল আইনজীবী এ জে মোহাম্মদ আলী বক্তব্য উপস্থাপন করেন। এ সময় আদালত খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণের কথা জানান এবং জরিমানা স্থগিতের কথা জানান। পাশাপাশি আদালত ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতের কাগজপত্র জমা দিতে বলেন।




