মৌলভীবাজারে বন্যার পানির সাথে লড়াই করে ঈদ কাটছে হাওরপাড়ের মানুষের


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের ভুকশিমইল গ্রামের নজরুল ইসলাম, রাজনা বেগম, তুলা মিয়া, কামাল আহমেদদের বাড়িতে আজ নেই ঈদের আমেজ।
প্রতিবছর ঈদুল আযহায় কোরবানি দিলেও এবার আর কোরবানি দেওয়া হয় নি তাদের বাড়িতে। ঘরে চাল নেই, চুলো জ্বলে না। এ বছর হাওর পাড়ে ঈদ বলতে বন্যার পানির সাথে লড়াই করা ছাড়া আর কিছু নয়।
শুধু তাদের বাড়িতেই নয় জেলার হাকালুকি ও কাউয়াদিঘী হাওর তীরের কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলার ৩৫০টি গ্রামের ৩ লক্ষাধিক বন্যা কবলিত মানুষ বন্যার সাথে লড়াই করে টিকে রয়েছে অনেক কষ্টে।
যেখানে দু\\\’বেলা খাবার জোগাড় করতে হিমশিম করতে হচ্ছে সেখানে ঈদের আনন্দ চিন্তা করাটা যেন তাদের কাছে অনেক বড় স্বপ্ন।
গত রমজান ঈদ উল ফিতরেও ছিলো তাদের একি অবস্থা। তখনও তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল।
বন্যা কবলিত এসব এলাকার মানুষ জানান, সরকার বার বার প্রতিশ্রুতি দিলেও পুরো খাদ্য সহায়তা তারা পাচ্ছে না। তাই এসব হাওর পাড়ের মানুষের মাঝে কাজ করছে হতাশা আর দুঃখ বেদনা।




