বড়লেখায় অস্ত্রের মুখে ফেলে ১০ লাখ টাকার মালামাল লুট


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নওয়াগ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, সোনার গয়নাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বর্ণি ইউনিয়নের নওয়াগ্রামের নিকেশ দাসের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিকেশ দাসের বারান্দার কলাপসিবল গেটের তালা ও ঘরের ডিপ দরজা ভেঙে ১৫-২০ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে।
ডাকাতরা ঘরে প্রবেশ করে গৃহকর্তা নিকেশ দাস ও তাঁর স্ত্রীকে বেঁধে ফেলে। পরে তারা চাবি নিয়ে আলমারি ও বাক্স খুলে আনুমানিক ২০ ভরি সোনার গয়না, ৯২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
এ ঘটনার খবর পেয়ে শনিবার (৪ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বড়লেখায় ডাকাতি বন্ধে পুলিশ তৎপর রয়েছে।
এ ঘটনায় জড়িতদের সন্ধানে পুলিশের অভিযান চলছে।



