নগরীতে র্যাবের পৃথক অভিযান: গাড়ি চোর চক্রের ৫ সদস্য আটক


ডেস্ক রিপোর্ট ।। সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-৯ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
আটককৃতরা হচ্ছে- জুবেদ আহমদ (১৯), মোঃ সাত্তার হোসেন (২৪), জীবান হোসেন বাপ্পী (৩২), মোঃ সিদ্দিক (১৮) ও সাদিক আহম্মদ (১৮)।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান আরো জানান, আটককৃত গাড়িচোরেরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে গাড়ি চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা, প্রাইভেট কার, পিকআপসহ আরো বিভিন্ন ধরণের যানবাহন চুরি করে বিক্রয় করতো। যদি কোনো কারণে এই চোরাইকৃত গাড়িগুলো তারা বিক্রয় করতে না পারে, তাহলে তারা নম্বর প্লেট নকল করে ও রং পরিবর্তন করে রাস্তায় ভাড়া চালাতো।
আবার কখনো নিজ হেফাজতে রেখে এই গাড়ির যন্ত্রাংশ খুলে খুচরা ও পাইকারী দরে বিভিন্ন অটোমোবাইলস্ ওয়ার্কসপে বিক্রি করে এবং ভাঙরি হিসেবেও বিক্রি করে বলে আটককৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি জানান।
উদ্ধারকৃত পিকআপ ও গ্রেপ্তারকৃতদের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি




