মসজিদের পুকুরে গোসল করা নিয়ে হাতাহাতি, ইমামসহ আহত ২


দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের পুকুরে গোসল করাকে কেন্দ্র করে হাতাহাতিতে ইমামসহ দুই জন আহত হয়েছেন। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ইফতারের পূর্ব মূহুর্তে ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুর রাজ্জাক মসজিদের পুকুরে গোসল করতে গেলে ঘটনার সূত্রপাত হয়। এসময় ওই গ্রামের ফজলুর রহমান বলুর পুত্র রহিম উদ্দিন গোসল করা নিয়ে মসজিদের ইমাম হাফিজ রামীমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার কিলঘুষিতে ইমাম আহত হন। তখন মধ্যস্থতা করতে এসে গ্রামের মুসল্লি গেদা মিয়াও আহত হন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রহিমুদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, মসজিদ ও পঞ্চায়েত নিয়ে বিরোধ থাকায় আমি ও আমার পরিবারকে ফাঁসানোর জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। রাত ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বিষয়টি স্থানীয়ভাবে আপস নিস্পত্তির চেষ্টা চলছে।
উল্লেখ্য, একই আঙ্গিনায় জনৈক সৌদি নাগরিকের অর্থায়নে পাশাপাশি আরেকটি মসজিদ নির্মিত হওয়াতে গ্রাম পঞ্চায়েতে দু”ভাগে বিভক্ত হয়ে মসজিদ দু’টির কার্যক্রম পরিচালনা করছেন।




