বানিয়াচংয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : থানায় অভিযোগ


রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং থেকে : বানিয়াচংয়ের আমিরখানি মহল্লায় প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে বখাটে লাদেন মিয়া। এর বিচার চাইতে গেলে বখাটের পরিবারের লোকেরা পাল্টা হামলা চালিয়ে ছাত্রীর নিরীহ বাবার বাড়িঘর ভাংচুর করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকালের দিকে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা টেনু মিয়া। ভিকটিম স্থানীয় জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে ওই ছাত্রী বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এসময় পাশের বাড়ির চাঁনপাড়ার ফুল মিয়ার ছেলে লাদেন মিয়া (১৬) মেয়েটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী কচু ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। চিৎকার শুনে খেলার সাথী ছায়মা দৌঁড়ে গিয়ে বিষয়টি ছাত্রীর চাচা মবিন মিয়াকে জানায়। চাচা মবিন মিয়া এসে দেখেন ছাত্রীর সাথে লাদেন ধস্তাধস্তি করছে। এ সময় মবিনকে দেখে বখাটে লাদেন দৌঁড়ে চলে যায়। সাথে সাথে ছাত্রীর চাচা মবিন বখাটের বাবা ফুল মিয়ার কাছে নালিশ করলে উল্টো ভিকটিমের বাড়িঘরে হামলা করে ঘরদরজা ভাংচুর করে।
স্থানীয় মুরুব্বিরা শালিসে ঘটনা মিমাংসা করতে ব্যর্থ হলে বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা টেনু মিয়া বানিয়াচং থানার ওসিকে মৌখিকভাবে বিষয়টি অবগত করেন। ওসি মোজাম্মেল হক তাৎক্ষনিক থানার এসআই ওমর ফারুককে ঘটনার সত্যতা যাছাইয়ে সরেজমিনে পাঠান। শুক্রবার দুপুরে বানিয়াচং থানার শিশু বিষয়ক অফিসার এসআই ওমর ফারুক জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রাতেই বখাটেকে গ্রেফতারের চেষ্টা করলে দৌঁড়ে পালিয়ে যায় বখাটে লাদেন। ভিকটিমের বাবাকে লিখিত অভিযোগ দিতে বলেছে থানা পুলিশ। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তারা। এদিকে ছাত্রীর বাবা টেনু মিয়া জানান, শুক্রবার বিকালের দিকে থানার ডিউটি অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।




