বিয়ানীবাজারে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী গুরুতর আহত


বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: বিয়ানীবাজারে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম জাকারিয়া আহমদ। ১৬ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার হাইস্কুলের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জাকারিয়া আহমদ মটরসাইকেল যোগে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন বিয়ানীবাজার হাইস্কুলের পাশে যাওয়া মাত্র স্থানীয় আওয়ামীলীগের জামাল গ্রুপের ১০/১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে বড় অংকের চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় তারা হকিস্টিক ও দেশী অস্ত্র নিয়ে জাকারিয়া আহমদের উপর ঝাপিয়ে পড়ে এবং তাকে গুরুতর ভাবে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত জাকারিয়াকে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
জাকারিয়া আহমদের পরিবারের সদস্যরা জানান অপরাধীরা গ্রেফতার না হওয়ায় তারা এখন নিরাপত্তাহীনতায় ভোগছেন।জাকারিয়া আহমদ বিয়ানীবাজারের মোল্লাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, বিয়ানীবাজারে ক্ষমতাশীনদলের এই সন্ত্রাসী গ্রুপ জাকারিয়া ভেরাইটিজ স্টোরের মালিক জাকারিয়া আহমদের কাছে প্রায়ই চাঁদা চাইত এবং নানা ধরনের ভয় ভীতি দেখাত।




