বানিয়াচংয়ে কাবিখার টাকা আত্মসাতের অভিযোগ


রায়হান উদ্দিন সুমন: বানিয়াচংয়ে কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণ না করে ১লাখ ১৩ হাজার টাকা আতœসাত করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সংরক্ষিত নারী সদস্য বাসন্তী রাণী দেব। অথচ প্রকল্পের কাজ শেষ হয়েছে দেখিয়ে বরাদ্দের সমুদয় টাকা তুলে নেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি। বাসন্তী রাণী দেব ১২নং সুজাতপুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের নারী সদস্য। এদিকে সরজমিনে তদন্তক্রমে ব্যবস্থা নেয়ার জন্য রোববার (৯ জুলাই) এলাকাবাসীর পক্ষে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইকরাম গ্রামের জহুর আলীর ছেলে শাইর সিকদার।
অভিযোগে বলা হয়, সুজাতপুর ইউনিয়নের ইকরাম ডিসিআর রোড থেকে প্রণব শর্মার বাড়ি পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ প্রকল্প নেন সংশ্লিষ্টরা। ২০১৬-১৭ অর্থবছরে কাবিখা খাত থেকে ১লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হন একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য বাসন্তী রানী দেব। কাজ শুরুর সময় স্থানীয়দের বরাদ্দের পরিমাণ নিয়ে অস্বচ্ছ তথ্য জানান তিনি। পরে সংশ্লিষ্ট অফিস থেকে বরাদ্দের সঠিক তথ্য জানতে পেরেছেন। সম্প্রতি প্রকল্প সভাপতি বাসন্তী দেব রাস্তা নির্মাণ শেষ দেখিয়ে প্রকল্পের সমুদয় টাকা তুলে ফেলেন। কিন্তু বাস্তবে রাস্তা নির্মাণ সম্পন্ন হয়নি। সর্বোচ্চ ১৫ হাজার টাকার মাটি ভরাট করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনিসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা মিলে ১লাখ ১৩ হাজার টাকা আতœসাত করেন। সরজমিনে তদন্তে এর সত্যতা মিলবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সম্পর্কে প্রকল্প সভাপতি বাসন্তী রাণী দেবের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রাস্তা নির্মাণ বাস্তবায়নে কিছু জানেন না বলে জানান। তার স্বামী কাজটি করিয়েছেন। তার স্বামীর নিকট থেকে বিস্তারিত জেনে ৫মিনিট পরে জানাবেন বলে ফোন রেখে দেন। আধা ঘন্টা পর একাধিকবার রিং করলে তিনি রিসিভ করেননি। অন্য নাম্বার থেকে রিং করলে সাংবাদিক পরিচয় জেনে ফোনটি কেটে দেন বাসন্তী রাণী দেব।




