করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়িকা পপি


ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিকা পারভিন পপি করোনাভাইরাসের সাথে লড়ছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে খুলনার বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে পপি খুলনা মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করান। বুধবার (২২ জুলাই) ফলাফল আসে তিনি কোভিড-১৯ পজেটিভ। এরপর থেকে তিনি খুলনায় পৈত্রিক বাসভবন জমিদার বাড়িতে আইসোলেশনে চলে যান।
পপি সাংবাদিকদের জানান, বেশ কিছু দিন ধরে তার জ্বর ছিল, সাথে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর ভালো লাগছিল না। এক সময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকজন তাকে নমুনা পরীক্ষা করার পরামর্শ দেন। বুধবার সেই ফল হাতে পেয়েছেন তিনি।
তিনি বলেন, “এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। জ্বর নেই। তবে গলাব্যথা ও কাশির সাথে কিছুটা শ্বাসকষ্ট আছে। স্বাদ ও ঘ্রাণ এখনও ফিরে পাইনি।”
পপি জানান যে আগামী সপ্তাহে দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করবেন তিনি এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না।




