রাজনীতিলিড নিউজসিলেট

সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক: সিলেটে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ২টায় নির্ধারিত সময়ে শুরু হয় সমাবেশ। এসময় রেজিস্ট্রারি মাঠে থাকা ও বাহিরে থেকে পৃথক পৃথক ভাবে মিছিল নিয়ে আসা দলের সকল নেতাকর্মীর মুখে ‘আমার নেত্রী আমার মা বন্দি হতে পারেনা’ স্লোগানে মুখর হয়ে উঠে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ।

সমাবেশ শুরু হওয়ার পরপরই সিলেট নগরীর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য রাখছেন। সকাল থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সিলেট নগরীর কয়েকটি এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

এদিকে বিকেলে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সমাবেশে বক্তব্য রাকার কথা রয়েছে।

এদিকে অনেকটা দোলাচলের মধ্যে দিয়েই শুরু হয়েছে উদ্যোগে বিভাগীয় এ সমাবেশে। সোমবার মধ্যরাত পর্যন্ত সমাবেশ করা যাবে পুলিশের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, প্রথম অবস্থায় নগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশ করার কথা থাকলেও পুলিশের তরফ থেকে তা নাকচ করে দেওয়া হয়। যে কারণে স্থান পরিবর্তন করে রেজিস্ট্রারি মাঠ নির্ধারণ করি। এই স্থানে সমাবেশে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হলেও পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি।

তাই ‘মৌনতা সম্মতির লক্ষণ’ এই মানসিকতা থেকেই আজ নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশের আয়োজন করে সিলেট বিএনপি।

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি চিঠি দিলেও এ ব্যাপারে কোনো অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে সমাবেশ করার নামে নগরবাসীর নিরাপত্তায় ব্যাঘাত ঘটলে পুলিশ তা প্রতিহত করবে।

Related Articles

Back to top button