গোলাপগঞ্জে আগুনে দগ্ধ নিহতদের ২ জন ছিলেন অন্ত:সত্ত্বা


গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশু ও অন্ত:সত্ত্বা দুই নারী মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় দগ্ধ একজনকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
শনিবার রাত পৌনে ৩টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ গ্রামের লইলুর রহমানের বাড়িতে গ্যাস লাইনের রাইজারের উপর বজ্রপাত হয়। পরে গ্যাসের চুলায় আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়িটিতে বসবাসকারী দু’টি পরিবারের তিনটি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা দুই পরিবারের ৩ শিশু ও অন্তঃসত্ত্বা ২ নারী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দগ্ধ হন আরও দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, আগুন লাগার পর আমরা ঘরে ঢুকে প্রথমে একটি বাচ্চাকে উদ্ধার করি। পরবর্তীতে আমরা আবার ঢোকার চেষ্টা করলেও আগুনের উত্তাপের কারণে আমরা আর সেখানে প্রবেশ করতে পারিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি বেসরকারি সহায়তা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।
সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নসুরুল্লাহ হক শাহীন বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে। যেহেতু আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে তাই আমরা স্থানীয় বিত্তশালী ও সরকারকে তাদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
দগ্ধদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ফজলু মিয়া নামে আরেকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।




