‘রাকেশের বিরুদ্ধে মামলা দায়ের, অচিরেই আটক করা হবে’


জকিগঞ্জ প্রতিনিধি : ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন।
মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
তিনি বলেন, রাকেশ রায়কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তাকে গ্রেফতারে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রাকেশের অবস্থান সনাক্তে পুলিশ সোর্সও নিয়োগ করেছে। তাকে দ্রুত গ্রেফতার করা হবে।
এদিকে, সার্বিক পরিস্থিতিতে সোমবার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমানের আহবানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, খেলাফত মজলিস নেতা মাওলানা মখলিছুর রহমান, সাংবাদিক রহমত আলী হেলালী, কেএম মামনু, এনামুল হক মুন্না প্রমুখ।
প্রসঙ্গত, রাকেশ রায় মহানবী হযরত মুহাম্মদ (স.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠেছে। তার ‘কটূক্তি’র একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ। প্রতিবাদে ফেটে পড়েন সর্বস্তরের জনতা।




