জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ২০২৬–২০২৮ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে এম ইসমাইল হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রেজওয়ান করিম সাব্বির সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের অস্থায়ী কার্যালয় সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোয়েব আহমদ এবং আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এম রুহেল আহমদ, সাইফুল ইসলাম বাবু ও মুরাদ হাসান।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মো. হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, বর্তমান বিশ্বে অনলাইন সাংবাদিকতা দ্রুততম ও কার্যকর গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ খাতে দায়িত্বশীলতা, সততা ও তথ্য যাচাইয়ের বিকল্প নেই। ভুল সংবাদ যেমন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তেমনি সঠিক সংবাদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
তিনি আরও বলেন, গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য প্রতিরোধে সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জৈন্তাপুরের মানুষের আস্থা অর্জনে সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক এম সাইফুর রহমান তালুকদার বলেন, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের গতি বেড়েছে, একই সঙ্গে বেড়েছে দায়িত্বও। একটি সংবাদ মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়, তাই প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই নিশ্চিত করতে হবে।
তিনি নবনির্বাচিত কমিটির প্রতি প্রযুক্তিনির্ভর দক্ষ সাংবাদিকতা, নতুনদের প্রশিক্ষণ এবং পেশাদার প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবুল হোসেন মো. হানিফ বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল সদস্যের সহযোগিতায় একটি সুন্দর পরিবেশে নতুন নেতৃত্ব গঠন সম্ভব হয়েছে।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।




