আন্তর্জাতিকলিড নিউজসিলেট

সিলেটে বাড়ছে যানজট-দুর্ভোগ

অতিথি প্রতিবেদক: ঢাকা থেকে বন্ধুদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন সাব্বির আহমদ। ভোরবেলা বাস থেকে নেমেই মাজারে যাওয়ার উদ্দেশ্যে উঠলেন সিএনজি অটোরিকশায়। আগেই ভাড়া ঠিক করে নিয়েছেন চালকের সাথে। কিন্তু বাদ সাধেন রেজিস্ট্রার হাতে এক ভদ্রলোক। এই গাড়িতে যাওয়া যাবে না, কারণ এটা স্ট্যান্ডের নয়। দুজনে বেশ কিছুক্ষণ বিতর্কের পর স্ট্যান্ডের গাড়িতে উঠতে রাজি হলেন সাব্বির। কিন্তু এখানেও বিপত্তি। চালক ভাড়া চাইছেন মাত্রাতিরিক্ত।

এই চিত্র নগরীর হুমায়ুন রশীদ চত্বরের। কাগজপত্রে কোন অটোরিকশার স্ট্যান্ড এখানে না থাকলেও এভাবেই হয়রানি হতে হয় বহু যাত্রীকে। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনের পার্কিংয়েও একই অবস্থা। গাড়ি থামালেই রেজিস্ট্রার হাতে একজন এগিয়ে এসে দাবি করেন চাঁদা। কারণ এখানেও অটোরিকশার স্ট্যান্ড। চাঁদা না দিয়ে সেখান থেকে যাওয়া যাবে না। এমন আজগুবি চিত্র সিলেটের বেশ কয়েক জায়গায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া যত্রতত্র স্ট্যান্ড বানিয়ে পুরো নগরীকে অটোরিকশার নগরীতে রূপ দিয়েছেন সিলেটের সিএনজি অটো রিকশা চালকরা। বেশিরভাগ সড়কেরই অর্ধেকের বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা এসব স্ট্যান্ড সরাতে প্রশাসনের তরফ থেকে নেই কোন কার্যকরী উদ্যোগ। নগরীর আম্বরখানা, মদিনা মার্কেট, কোর্ট পয়েন্ট, বন্দর বাজার, ক্বীন ব্রিজের মোড়, শাহী ঈদগাহ, জেলরোড, টিলাগড়, কদমতলী, স্টেশন রোড, কোন সড়কই বাদ নেই। প্রতিটি সড়কই সিএনজি চালিত অটোরিকশা চালকদের দখলে। এতে নগরজুড়ে যানজটের সমস্যা যেমন প্রকট হচ্ছে, তেমনি বাড়ছে নাগরিক দুর্ভোগ। নির্দিষ্ট স্ট্যান্ডে বাইরে যেখানেই যাত্রী মেলে সেখানেই স্ট্যান্ড বানিয়ে বসে থাকেন চালকরা। ব্যাপারটা এমন যে, যেখানে গাড়ি থামবে সেখানেই স্ট্যান্ড।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেট শহরে আইনত বৈধ কোন স্ট্যান্ডই নেই। নামমাত্র অনুমতি নিয়ে স্ট্যান্ডগুলো বসানো হয়েছে। নাগরিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের উচ্ছেদের উদ্যোগ নেয় না কেউ।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক সিলেট এর সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, নগরীতে গণপরিবহণের জন্য স্টপেজ থাকবে এটা স্বাভাবিক। সিলেটে যেহেতু গণপরিবহণ নেই তার জায়গা নিয়েছে সিএনজি অটোরিকশাগুলো। তবে সেটা নিয়ন্ত্রিত থাকা উচিৎ। এখন ফুটপাত হকারদের দখলে, সড়কের অর্ধেকটাতে সিএনজি দাঁড়িয়ে, মানুষ কি মাঝ রাস্তা দিয়ে হাঁটবে? এ ব্যাপারে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সম্প্রতি সিলেট সিটি করপোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে এসব সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযানে নামে। রাস্তা থেকে সরিয়ে দিয়ে রাস্তায় দাগ টেনে সীমানা নির্ধারণ করে দেয়া হয়। দাগের বাইরে গাড়ি না রাখতে দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। তবে দুদিন না যেতেই সেই আগের অবস্থায় ফিরে গেছেন চালকরা।

জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা বলেন, পুলিশ এব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। নির্ধারিত স্থানগুলো ছাড়া অন্য কোথাও স্ট্যান্ড বসালে কিংবা নির্ধারিত দাগের বাইরে গাড়ি রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি গাড়ি আটক করেছি, মামলা দেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে কোন ছাড় দেয়া হবে না। তবে, শৃঙ্খলা ফেরাতে শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

তবে এসবের পরেও নগরীর সিএনজি স্ট্যান্ডগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিটি স্ট্যান্ডেই শতাধিক গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রাখা।

এসব ব্যাপারে সিলেট অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া বলেন, সিলেট ছোট শহর, কিন্তু গাড়ি বেশি। সিটি করপোরেশন এতদিন আমাদেরকে গাড়ি রাখার বা দাঁড় করানোর নির্দিষ্ট জায়গা দেয়নি। তাই এমন অব্যবস্থাপনা ছিল। এখন সম্প্রতি সিটি করপোরেশন থেকে বেশ কয়েকটি স্পট নির্ধারণ করে দেয়া হয়েছে। এখন আশা করছি আর কোন ঝামেলা থাকবে না।

তবে সিটি করপোরেশনের চলমান অভিযান অব্যাহত রাখলে আর চালক ও শ্রমিকরা আন্তরিক হলে এসমস্যা দূরীকরণে বেগ পেতে হবে না বলে মনে করেন অনেকে।

Related Articles

Back to top button