লিড নিউজ

সিলেট থেকে অপহৃত শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে অপহৃত নিয়ামত ইসলাম রিফাত নামের পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। রোববার রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় অপহরণের সাথে জড়িত দুইজনকে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- হাজীপাড়া গ্রামের হযরত আলীর ছেলে স্বাধীন মিয়া (৩০) ও একই উপজেলা বড়বাড়ি আলোর দীঘি গ্রামের সাইফুল আমিনের ছেলে মিন্টু ইসলাম (৩২)। এ সময় মুক্তিপণ হিসেবে নেওয়া ৫০ হাজারের মধ্যে ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানান, শিশুটিকে গত শুক্রবার সিলেট কোতয়ালী থানার বাগবাড়ী এলাকায় বাড়ি থেকে অপহরণ করা হয়। শিশুটি অপহরণের পর তার বাবা বিদ্যুৎ উন্নয়নের বোর্ডের ঠিকাদার নেছার আহম্মেদের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অপহরণকারীদের দেওয়া তিনটি বিকাশ নাম্বারে ৫০ হাজার টাকা পাঠানো হয়।

অপহরণকারী স্বাধীন মিয়া নেছার আহম্মেদের ফার্মে চাকরি করতো বলে পুলিশ জানায়।

সকালে লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম সিলেট কোতয়ালী থানা পুলিশের এসআই নজরুল ইসলামের উপস্থিতিতে উদ্ধারকৃত শিশু রিফাতকে তার বাবা নেছার আহম্মেদের কাছে তুলে দেন।

সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কোতয়ালী থানার এসআই নজরুল ইসলামের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button