জাতীয়লিড নিউজ

রিফাত হত্যা: প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সিলেট মিডিয়া ডেস্ক :: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫)  পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকার মজিদ মিলিটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন দাবি করেন, রিফাত হত্যা মামলার আসামিরা পুরাকাটা এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের নেতৃত্বে তারা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ সদস্যরাও তাদের জীবন রক্ষার জন্য গুলি চালায়। এর পরে সেখানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বলে শনাক্ত করে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি।

পূর্ব বুড়িরচর গ্রামের বাসিন্দা আবদুল বারেক ও কবির হোসেনের তথ্যমতে, ভোররাত সোয়া চারটার দিকে তাঁরা বেশ কিছু গুলির শব্দ শুনতে পান। এতে তাঁদের ঘুম ভেঙে যায়। ভোর পাঁচটার দিকে তাঁরা খলিল মাস্টারের বাড়ির দরজার সামনে বাঁধের ঢালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ তাঁর লাশ ঘিরে রেখেছিল।

-তথ্যসূত্র: ইউএনবি ও প্রথমআলো

Related Articles

Back to top button