

অনলাইন ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে খাবার খেয়ে একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের সুনীল দেবনাথ দুপুরে দোকান থেকে ডিম এনে দিলে তার স্ত্রী মায়া রাণী ওই ডিম রান্না করেন। পরে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করে। খাওয়ার কিছুক্ষণ পরেই সবাই বমি করতে শুরু করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
অসুস্থরা হলেন- সুনীল দেবনাথ (৫৫), তার স্ত্রী মায়া দেব নাথ (৫০), ছেলে সুকুমার দেব নাথ (২৩), শংকর দেব নাথ (২০) ও মিঠুন দেব নাথ (১৫)।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম সোহাগ জানান- খাবারের মধ্যে বিষক্রিয়া থাকায় তারা অসুস্থ হয়েছেন।




