বিয়ানীবাজারে স্থগিত ওয়ার্ডের পুনঃনির্বাচন ৮ মে


বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডের ফলাফল বাতিল হওয়ায় কেন্দ্রে আগামী ৮ মে পুননির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫ এপ্রিল ভোট গ্রহণ শেষে প্রথমে ফলাফল ঘোষণা স্থগিত ও পরে ঐ কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও জাল ভোট প্রদানের অভিযোগে কমিশন এ সিদ্ধান্ত নেয়। ফলে ৮টি ওয়ার্ডে বেসরকারি ফলাফল ভোটের রাতেই প্রকাশ হয়।
প্রকাশিত ফলাফলে ৮টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু নাসের পিন্টু ১৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৬২৫টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস শুকুর এর প্রাপ্ত ভোট ৩৪৭১টি। এছাড়া ৩য় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন জগ প্রতীকে প্রাপ্ত ভোট ৩৩০৪টি।
এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, সাহাব উদ্দিন (পাঞ্জাবি) প্রতীক, আতিক উদ্দিন (গাজর) প্রতীক, ইসলাম উদ্দিন আহমদ (পানির বোতল) প্রতীক, কবির আহমদ (ডালিম) প্রতীক, মছমন উদ্দিন আহমদ (উটপাখি) প্রতীক, মানিক আহমদ (ব্রিজ প্রতীক), মাহমুদ সামী (টেবিল ল্যাম্প) প্রতীক, মোহাম্মদ আব্বাছ উদ্দিন (টিউব লাইট )প্রতীক ও মো. লোকমান হোসেন (ব্ল্যাকবোর্ড) প্রতীক।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ এর উপ-বিধি (২) অনুসারে বিয়ানীবাজার পৌরসভার মেয়র, সংশ্লিষ্ট সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে আগামী ৮ মে সোমবার পুন:ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। আগামী ৮ মে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




