দিরাইয়ে ওএমএস’র চাল কালোবাজারে বিক্রির অভিযোগ


দিরাই প্রতিনিধি : দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ওএমএস’র চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০৬ মে) সকালের দিকে কালোবাজারে চাল বিক্রি করতে গেলে স্থানীয় জনতা সে চাল আটক করে। শরিফউদ্দিনের দোকান ঘরে ২০ বস্তা চাল আটক করার খবর ছড়িয়ে পড়লে বাংলাবাজারে ডিলারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
সরকার হাওর দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১৫টাকা কেজি মূল্যে খোলা বাজারে চাল বিক্রি করতে ইউনিয়নভিত্তিক ডিলার নিয়োগ করে। গত বুধবার ৩ মেট্রিকটন চাল ওএমএস ডিলার পূর্ণেন্দু সরকার রনি গুদাম থেকে উত্তোলন করে রফিনগর বাংলাবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে মজুত করেন। এরপর কালোবাজারে চাল বিক্রি শুরু করেন বলে জানান স্থানীয়রা।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মনধন চন্দ্র দাস বলেন- রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে গত বুধবার সংশ্লিষ্ট ডিলার পূর্ণেন্দু সরকার রনি ওএমএস’র ৩ মেট্রিকটন চাল ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্যে উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। আমি সিলেটে, শুনেছি কিছু চাল আটক করা হয়েছে, সংশ্লিষ্ট চেয়ারম্যানকে চাল আটক রাখতে বলেছি, আমি আজ (আগামীকাল) আসছি ।
রফিনগর বাংলাবাজারের মহাজন সমিতির সভাপতি বদরুল আলম জানান- শরিফ উদ্দিনের ঘরে ২০ বস্তা চাল আটক করে রাখা হয়েছে।
তিনি জানান- বাজারের পাহারাদার বস্তা পাল্টাইয়া চাল কালোবাজারে পাচার করতে দেখে বাজারের লোকজনকে জানালে তারা আটক করে,এরপর বাজারে উপস্থিত ক্ষতিগ্রস্ত শত শত লোকজন জড়ো হয়ে ডিলারের শাস্তির দাবিতে মিছিল করে।
রফিনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য জবা রানী দাস জানান- ওএমএসর ২০ বস্তা চাল বাজারের শরিফউদ্দিনের ঘরে আটক করে রাখা হয়েছে। ডিলার রনির শাস্তির দাবিতে মানুষ মিছিল করছে।
ইউপি সদস্য মিজাজ মিয়া জানান- ওএমএস’র চাল কালো বাজারে বিক্রি করতে গেলে শরিফউদ্দিনের মালিকানাধিন ঘরে সেই চাল আটক করা হয়, এরপর বিক্ষুব্ধ জনতা বাজারে মিছিল করেছে। পুলিশকে খবর দেয়া হয়েছে।
ওএমএস ডিলার পূর্ণেন্দু সরকার রনির সাথে যোগাযোগ করতে গেলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান- খবর পেয়ে পৌনে ৬টার দিকে রফিনগর বাজারে পৌঁছেছি। ওএমএস ডিলার পুর্ণেন্দু সরকার রনি ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। আমাদের লোক পাহারায় রেখে আসছি। ইউএনও’র সাথে যোগাযোগ করেছি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি নিজে সরেজমিন গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।




