সিলেট

নগরীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটমিডিয়াডেস্ক: সিলেট নগরীর মিয়া ফাজিলচিশত এলাকার একটি বাসা থেকে জেসমিন (১৬) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেসমিন ওই বাসায় তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করতো। এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় মিয়া ফজিলচিশত এলাকার ১৬২/১ নং বাসার ২য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেসমিন সিলেটের গোয়াইঘাট উপজেলার সালুটিকর বৈটাখালী গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের মেয়ে।

বাসার মালিক ওমর খৈয়াম জানান, বৃহস্পতিবার সকালে পারিবারিক কাজে তিনি দিরাই চলে যান। এ সময় তিনি জেসমিনকে বাসার ভিতরে রেখে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় এসে তালা খুলে ঘরে প্রবেশ করে জেসমিনকে ডাকলে তার কোন সাড়াশব্দ না পেয়ে বিভিন্ন রুমে খুঁজতে থাকেন। এ সময় তিনি তার শোবার ঘরে জেসমিনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কোতোয়ালি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই রুমেই একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে জেসমিন তার মা’র কাছে ক্ষমা চেয়ে লিখেছে, আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি।

এ ব্যাপারে লাশ উদ্ধারে যাওয়া পুলিশের এসআই আকবর হোসেন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহালে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। লাশের ময়নাতদন্ত ও সার্বিক বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button