

ছাতক প্রতিনিধি: ছাতকে আয়ধন বিবি (৬০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার গভির রাতে জাউয়া ইউনিয়নের সুড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। খুন হওয়া বৃদ্ধা গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয় সুত্র জানায়, বসত ঘরের পেছন দিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা বৃদ্ধা আয়ধন বিবিকে হত্যা করেছে। তার গায়ে বস্তা জড়িয়ে গলা চেপে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃদ্ধ মহিলার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। ছেলে বর্তমানে প্রবাসে বসবাস করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাতেই জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুক্তার আলী ও এসআই নুর মোহাম্মদ খান ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।
বৃহস্পতিবার আয়ধন বিবির লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারনা চুরি করতে গিয়ে রাতে চোরেরা ঘরে প্রবেশ করলে ঐ মহিলা তাদের চিনে ফেলেন। এ জন্য চোরেরা তাকে হত্যা করেছে। অপর দিকে সম্পদ আত্মসাতের জন্যও তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়দের অনেকেই।



