অর্থনীতিলিড নিউজ

এবার জাতীয় বাজেটে রেকর্ড গড়তে যাচ্ছেন মুহিত

বিশেষ প্রতিবেদন :: অর্থমন্ত্রী হিসেবে টানা দশমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপনের রেকর্ড গড়তে যাচ্ছেন সিলেটের সন্তান আবুল মাল আবদুল মুহিত। আগামী ৭ জুন জাতীয় সংসদের অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন তিনি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র অর্থমন্ত্রী হিসেবে টানা ১০বার জাতীয় বাজেট পেশ করছেন। সব মিলিয়ে এটি হবে তাঁর ১২তম বাজেট উপস্থাপন।

এর আগে ১২বার বাজেট উপস্থাপনের রেকর্ড গড়েছিলেন সিলেটের আরেক কৃতি সন্তান বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তবে তিনি এক টানা পাঁচটি বাজেট উপস্থাপন করতে পেরেছিলেন। সেক্ষেত্রে এগিয়ে থেকে নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছেন ক্ষমতাসীন আওয়ামী সরকারের বয়োজ্যেষ্ঠ ও সর্বদা হাস্যেজ্জল অর্থমন্ত্রী মুহিত।

দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে ০৭ জুন বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করা হবে। বাজেট উপস্থাপনের পর প্রথা অনুসারে পরদিন শুক্রবার (০৮ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে তা পাস হবে। আগামী ০১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

টানা দশটি বাজেট উপস্থাপনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে হাজার শোকর। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে সেবা করার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য তাকে অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করেছি দেশ এবং জনগণের সেবা করতে। হয়তো অনেক ভুল-ত্রুটি রয়েছে। দেশবাসীকেও সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

১৯৭২ সালে জাতীয় সংসদে দেশের প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। কখনও প্রধানমন্ত্রী, কখনও উপদেষ্টা, কখনও প্রধান সামরিক আইন প্রশাসক, আবার কখনও রাষ্ট্রপতি নিজেই এই বাজেট ঘোষণা করেছেন। এমন বাজেট পেশকারীর সংখ্যা ১২ জন। এ ১২জন ৪৭টি বাজেট পেশ করেছেন।

তবে, বাজেট উপস্থাপনের দিক দিয়ে এখনো এগিয়ে আছেন ‘সিলেটি’ অর্থমন্ত্রীরা। এর মধ্যে অর্থমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত সিলেটের সাইফুর রহমান ১২টি, শাহ এ এম এস কিবরিয়া ৬টি ও আবুল মাল আবদুল মুহিত ১১টিসহ সর্বমোট ২৯ বার সংসদে বাজেট উপস্থাপন করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদের ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত টানা নয়টি বাজেট পেশ হয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য মুহিতের হাত ধরে। এছাড়া এরশাদ সরকারের সময়ে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন তিনি। মুহিতের পেশ করা প্রথম বাজেটের আকার ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। তার শেষ বাজেটের (২০১৭-১৮) আকার চার লাখ ২৬৬ কোটি টাকা।

অর্থমন্ত্রীর বিভিন্ন আলোচনার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, এবার বাজেটের আকার হবে চার লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। যা হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আকৃতির বাজেট।

একই ভাবে গণভোটে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮০-৮১ অর্থবছর এবং ১৯৮১-৮২ অর্থবছরের বাজেট পেশ করেন এম সাইফুর রহমান। এরপর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হলে অর্থমন্ত্রী হিসেবে টানা পাঁচটি বাজেট উপস্থাপন করেন তিনি।

এ ছাড়া ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর আরও পাঁচটি বাজেট উপস্থাপিত হয় তার হাত ধরে। সাইফুর রহমানের পেশকৃত প্রথম বাজেটের আকার ছিল ৪ হাজার ১০৮ কোটি টাকা। তার পেশ করা শেষ বাজেটের আকার ছিল ৬৯ হাজার ৭৪০ কোটি টাকা।

এর আগে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান আরেক সিলেটি শাহ এ এম এস কিবরিয়া। তিনি একাধারে ছয়টি বাজেট উপস্থাপন করেছিলেন।

Related Articles

Back to top button