রাজনীতিলিড নিউজ

তারেকের সাজা : ঢাকায় বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক: আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকায় এ মিছিল হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন বলেন, ‘২১ আগস্ট বোমা হামলা মামলায় ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মহানগর দায়রা জজ আদালত মোড় থেকে একটি মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।’

পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক শাহেদ নূর উদ্দীন বুধবার আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়।

১৪ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন মারা যান। সভানেত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েকশ’ নেতাকর্মী।

Related Articles

Back to top button