

নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে ইয়াবাসহ আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
রোববার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিসানুল হক জিসান (২৯) ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পর পর দুটি কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি দক্ষিণ ঘুমধুম এলাকার এনামুল হকের ছেলে। এ ছাড়া ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খালেদ সরোয়ার হারেছের ভাগিনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির ছত্রছায়ায় থেকে জিসান কয়েক বছর ধরে ইয়াবাপাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব গোয়েন্দাদের নজরবন্দিতে ছিলেন জিসান। অবশেষে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতেই তিনি ধরা পড়েন।
বিজিবি সূত্র জানায়, সন্ধ্যায় সীমান্ত এলাকা দিয়ে ইয়াবাপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিজিবির নিয়ন্ত্রিত রেজু বিজিবি অভিযান চালায়।
এ সময় পাচারকারী জিসানকে একটি মোটরসাইকেলসহ আটক করে। এতে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ২২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় তৎপর। এ ধরনের অভিযান অব্যহাত থাকবে। সূত্র: যুগান্তর



