বানিয়াচংয়ে ধান শুকানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০


হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল থেকে ১০ জনকে আটক করেছে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হাওরের মাঠে ধান শুকানো নিয়ে ওই উপজেলার মুরাদপুর ইউনিয়নের যশকেশরী গ্রামের গজেশ্বর গোপের সঙ্গে একই গ্রামের হেমেন্দ্র গোপের বিরোধ দেখা দেয়। সোমবার ওই মাঠে ধান শুকানো নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের মধ্যে সত্য গোপ, নিরোদ গোপ, বজেশ্বর গোপ, দুলাল গোপ, উকিল গোপ, সুরেন্দ্র গোপ, বিমল গোপ, রঞ্জন গোপ, সুশেন গোপ, নিশিকান্ত গোপ, গোপেশ গোপসহ ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ধান শুকানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান




