শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান ‘স্প্রিং রেইন’ শুরু


নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে সেনা কমান্ডোরা সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে ‘স্প্রিং রেইন’ নামের ওই অভিযান শুরু করেন।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুরুতেই আতিয়া মহলে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দীর এ ব্যাপারে জানান, ‘এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান শুরু করেছেন।’
গণমাধ্যমকর্মীসহ আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় পৌঁছান পুলিশের বিশেষ বাহিনী সোয়াট সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।
সোয়াট টিম আসায় এখন অভিযান শুরু করার পরিকল্পনা করছে পুলিশ। বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ১০ বারের বেশি পুলিশের ফাঁকা গুলির শব্দ শোনা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হলে প্রথমে জঙ্গিরা সোয়াট আসলে আত্মসমর্পণের কথা বললেও পরবর্তীতে আর সাড়া দেয় নি।




