শাবিপ্রবির পিকনিক বাসে হামলা, শিক্ষার্থীসহ আহত ৩


নিউজ ডেস্ক :: গাজীপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বনভোজন বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- গণিত বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী সুজন আলী, ফাতেমাতুজ্জোহরা ও বাসচালক জয়নাল আবেদীন (৩৭)।
শাবিপ্রবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম জানান, তার বিভাগ থেকে দুটি বাসযোগে শিক্ষার্থীরা বৃহস্পতিবার গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বনভোজনে আসেন। বিকালে সেখান থেকে শিক্ষার্থীরা বাসে গান বাজিয়ে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে এক যুবক উচ্চশব্দে গান বাজানোর অভিযোগে ইটপাটকেল ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে একটি বাসের গ্লাস ভেঙে চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী এবং বাসচালক আহত হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত মোক্তার হোসেনকে (২৮) আটক করেছে। তিনি বাঘেরবাজার এলাকার আতাব উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বাসের ক্ষতিপূরণ পরিশোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাটি আপস নিষ্পত্তি করেছেন।




