জগন্নাথপুরে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত যুবকের নাম নাজির হোসেন। তিনি পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজির মোটরসাইকেল চালিয়ে স্থানীয় রসুলগঞ্জ বাজারে প্রবেশকালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।




