‘শাবিতে প্রতিদিন পাঁচ সাতটা মারামারি হতেই পারে’


ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসেন বলেছেন, ক্যাম্পাসে ডেইলী পাঁচ সাতটা মারামারি হতেই পারে।
দুই কর্মচারীর বিরুদ্ধে অন্য এক কর্মচারীকে মারধর ও হুমকির অভিযোগের বিষয়ে ঢাকা ট্রিবিউনের শাবি প্রতিনিধি জাহিদ হাসান জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাংবাদিকদের এটা নিয়ে কৌতূহল কেন? আমাকে বলেন? আমাকে বুঝিয়ে দেন? আমার ১২০০ লোক এখানে কাজ করে। ডেইলী পাঁচ সাতটা মারামারি হতেই পারে। ট্রিবিউন পত্রিকার এটা কোয়ারি কেন?
তিনি আরও বলেন, না না, এটা কোন নিউজ না। এটা হলো অন্য জিনিস। কোন অভিযোগ আসেনি।
তিনি ক্ষেপে গিয়ে বলেন, আমি তোমাদের অফিসে চাকরি করি না। এটা লিখে দিও, বলে দিও। আর আমাকে কখনও ফোন করবা না।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অফিস সহকারী ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ছাদেক আহমদ রবিবার রেজিস্ট্রার মোঃ ইসফাকুল হোসেন বরাবর তার উপর হামলার বিষয় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, উপাচার্য দপ্তরের অফিস সহকারী মাইন উদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র নিরাপত্তা প্রহরী মো: ওমর ফারুক। তারা দুই জনই সহোদর।
লিখিত অভিযোগ মতে, গত বুধবার রাত সাড়ে ১০ টায় অভিযুক্ত দুইজন তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মারধর করে এবং মেরে ফেলার চেষ্টা করে।
অভিযুক্তদের হুমকির কারণে তিনি এখন নিরাত্তাহীনতায় আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাইন উদ্দিন বলেন, এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আমরা সমাধান করে ফেলবো।



