সিলেট বিভাগ

জগন্নাথপুরে অভিভাবকের একাউন্ট হ্যাক করে লক্ষাধিক টাকা গায়েব!

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকের একাউন্ট হ্যাক করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিগত সময়ে শিওর ক্যাশের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের হত দরিদ্র শিক্ষার্থীদের প্রণোদনা দিতো সরকার। বর্তমানে সরকারের চুক্তি অনুযায়ী নগদের মাধ্যমে সেই প্রণোদনার টাকা পাচ্ছেন শিক্ষার্থীরা। যেখানে মহিলাদের মোবাইল নম্বরে টাকা দেওয়া হচ্ছে। আর মহিলাদের সরলতার সুযোগে একটি প্রতারকচক্র হাতিয়ে নিচ্ছে গ্রাহকের লক্ষাধিক টাকা।

যাদের একাউন্টে টাকা আসছে শুধু তাদেরকে ফোন দিয়ে বলছে ‘আপনার মোবাইলে টাকা পাঠাবো একটি ম্যাসেজ দিয়েছি, কোড নাম্বার টা বলুন’। কোড নাম্বার দেওয়ার সাথে সাথে একাউন্টের টাকা গায়েব হয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে টাকা তুলতে গিয়ে টাকা নিয়ে গেছে খবর শোনে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। অসহায় তাকিয়ে থাকা ছাড়া তাদের আর কিছু করার থাকছে না।

এ বিষয়ে প্রতারিত হওয়া অভিভাবকরা জানান, ‘টাকা আসার পর কই থেকে যে ফোন দিয়ে বলে, আমাদের একাউন্টের পিন নাম্বার সেট করে দিবে। আমাদের মোবাইলে নাকি মেসেজ দিয়ে ভেরিফাই নাম্বার পাঠিয়েছে। আমরাও এ নাম্বার দিয়ে দিয়েছি। সাথে পিন নাম্বারও দিয়ে দিছি। এরপর এজেন্ট পয়েন্টে গেলে তারা বলে আমাদের টাকা নাকি হ্যাক করে নিয়ে গেছে। আমরা অসহায় মানুষ এমনিতেই করোনাভাইরাসের মধ্যে সরকারি টাকা পেলে কিছুটা লাভ হত। অনুদানের টাকাগুলো নিয়ে নিল। আমরা এই প্রতারণার বিচার চাই।’

অভিভাবকরা প্রশ্ন করেন- ‘নগদের এত একাউন্ট থাকতে শুধু আমাদেরকে কেন? তারা ফোন দেয়।’ এ ঘটনার সাথে শিক্ষা অফিস জড়িত কিনা তদন্ত করার আহ্বান জানান তারা।

এ ব্যাপারে জানতে জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে যে অমুক অফিস, শিক্ষা অফিস, বিভিন্ন অফিসের নাম ভাঙ্গিয়ে বলে- ‘আপনার বাচ্চার টাকা আসছে। একটি কোড দিয়ে কোডটা দেউকা বলে কোড নাম্বার ও পিন কোড নিয়ে টাকা নিয়ে গেছে।’

তিনি বলেন- ‘আমরা শিক্ষা অফিস থেকে নগদকে জানিয়ে দিয়েছি। এ বিষয়ে শিক্ষা অফিস জড়িত নয় কেননা আমাদের কাছে অভিভাবকের কোন নাম্বার থাকে না। আমাদের কাছে আসলে সাথে সাথে নগদে পাঠিয়ে দেই। এ বিষয়ে জড়িত থাকলে নগদের লোক জড়িত থাকতে পারে।’

Related Articles

Back to top button