আব্দুল আলী সাহেবের জানাজায় শোকাহত মানুষের ঢল


দিদারুল আলম, গোয়াইনঘাট প্রতিনিধি: বিশিষ্ট আলেমে দ্বীন, দ্বীন প্রচারের ধারক ও বাহক, হাজারো ছাত্রের প্রিয় শিক্ষক মাওলানা আব্দুল আলী সাহেবের জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে। কয়েক হাজার মানুষ জমায়েত হন এতে।
স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম ওলামা, ছাত্র শিক্ষকসহ এলাকার সাধারণ মানুষেরা ও দূর দূরান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রবিবার (৩১শে ডিসেম্বর) রাত ৮ ঘটিকার সময় উক্ত জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন উনার ছেলে হাফেজ জুবের আহমেদ।
জানাজায় অংশগ্রহণকারী শোকার্ত মানুষেরা আব্দুল আলী সাহেবের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়,জানাজার নামাজ রাত আট ঘটিকার সময় পূর্বনির্ধারিত থাকলেও মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই মানুষ জমায়েত হতে থাকেন আব্দুল আলী সাহেবের বাড়ীতে। নামাজের সময় ঘনিয়ে আসার সাথে সাথে উৎসুক জনতা ও শোকাহত মানুষের ভীড় বাড়তে থাকে। একসময় তা গণমানুষে রূপান্তরিত হয়। প্রায় দুই হাজার এতে অংশগ্রহণ করেন বলে স্থানীয়দের ধারণা।
এ ব্যাপারে কথা হয় আব্দুল আলী সাহেবের ছাত্র ও তাঁর একসময়কার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল গণী সাহেবের সাথে। তিনি শোক প্রকাশ করে বলেন, অত্র এলাকায় কোন জানাজার নামাজে এটিই সর্ববৃহৎ জামাত। কোন জানাজায় এতো মানুষের সমাগম হতে দেখি নি।
উল্লেখ্য, মাওলানা আব্দুল আলী সাহেব জটিল রোগে আক্রান্ত থাকাবস্থায় সড়কপথে ঢামেক হাসপাতালে নেয়ার পথে নরসিংদীতে গতকাল রবিবার দুপুর দুই ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মাওলানা আব্দুল আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের মহিষখেড় গ্রামের সমর আলীর ছেলে। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।



