নেক আমল নষ্ট করে যে কাজ


খুররম জাহ মুরাদ: একজন ঈমানদারের সকল নেক আমল নষ্ট করে দেয় এমন একটি বদগুণ হচ্ছে নিফাক। নিফাক মানে শঠতা বা প্রদর্শন এবং এমন ভাল বৈশিষ্ট্যের অভিনয় যা আসলে নিজের মধ্যে নেই।
রাসূল (সাঃ) এমন বৈশিষ্ট্যের নিন্দা করেছেন এভাবে “যে অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে সে একজন মূর্তিপূজারীর সমতূল্য কারণ সে অন্যকে আল্লাহর সমপর্যায়ের মনে করেছে; তেমনি যে অন্যদের দেখানোর জন্য দান করছে সেও আল্লাহর সাথে কাউকে শরীক করছে।” (আহমদ)
তিনি আরও বলেছেন, “একজন মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য আছে, যদিও সে নামাজ পড়ে, রোযা রাখে এবং দাবী করে সে মুসলিম সে বৈশিষ্ট্য তিনটি হচ্ছে, প্রথমত- সে মিথ্যা কথা বলে, দ্বিতীয়ত- সে ওয়াদা ভঙ্গ করে, তৃতীয়ত- সে বিশ্বাস ভঙ্গ করে।” (বুখারী, মুসলিম)
শঠতা হচ্ছে এমন খারাপ বৈশিষ্ট্য যা আপনার ঈমানকে আড়াল করে। এটা এমনভাবে আপনার চরিত্র ধ্বংস করে যেমন উইপোকা কাপড়কে খেয়ে ফেলে। নিফাক হচ্ছে ইখলাস এর বিপরীত। ইখলাস হচ্ছে ভাল কাজ ও ঈমানের অত্যাবশ্যকীয় পূর্বশর্ত।
কাজেই আপনি পুনঃপুন আপনার কাজ ও নিয়াতকে ইখলাস ও নিফাক এর সাপেক্ষে যাচাই ও বিচার করবেন।




