জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ: ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চার বিঘা জমির পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। শনিবার গভীর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামে ঘটনাটি ঘটে। একই ঘটনায় আহত হয়েছে দুই ব্যক্তি। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
এলাকাবাসী ও পারিবারিক সুত্র জানায়, উচ্চগ্রামের মৃত হাসেন আলী সরকারের সৌদি প্রবাসী দুই ছেলে মহসিন আলী সরকার ও মঞ্জুরুল আলম সরকারের সাথে একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ওয়াহাব হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ২৯ জানুয়ারি সকালে ওয়াহাব আলী তার লোকজন নিয়ে মহসিন সরকারের ছেলে নাজিবর হোসেনকে মারধর করে। এ ঘটনায় মহসিন সরকারের স্ত্রী নাছরিন বেগম থানায় জিডি করলে তারা ক্ষিপ্ত হয়ে জিডির প্রধান স্বাক্ষী একই গ্রামের মৃত একেন্দ সরকারের ছেলে মতিয়ার রহমানকেও গত ৩০ জানুয়ারি রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ব্যাপারে থানায় পৃথক একটি মামলা হলে ওয়াহাব আলী আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
মতিয়ার রহমানের স্ত্রী পারভীন বেগম অভিযোগ করেন, ‘জমি সংক্রান্ত বিরোধ ও মারধরের ঘটনায় থানায় মামলা করায় শনিবার গভীর রাতে প্রতিপক্ষরা তাদের পুকুরে বিষ প্রয়োগ করে। এতে চার বিঘা জমির পুকুরে বিভিন্ন প্রজাতির সমস্ত মাছ মরে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’ তিনি আরো জানান, ‘তার স্বামী সৌদি প্রবাসী মহসিনের পুকুর লিজ নিয়ে মাছ চাষাবাদ করেন। প্রতিপক্ষরা তার স্বামীকে জখম ও মাছ নিধন করায় সর্বশান্ত হয়ে গেছেন।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ জানান, ‘জমি সংক্রান্ত বিরোধে সালিশ-বিচারের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু তা না মেনেই পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।’
থানার সহকারী উপ-পরিদর্শক রায়হান মিয়া জানান, ‘মৌখিক অভিযোগে প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’




