লিড নিউজ

রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার

সিলেট মিডিয়া ডেস্ক : রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মিয়ানমারের ক্যাবিনেট মন্ত্রী কিও তিন্ত সোয়ের সঙ্গে বৈঠক শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, দুই দেশের মধ্যে আলোচনা খুবই ফলপ্রসু হয়েছে। মিয়ানমার তাদের দেশের নাগরিক অর্থাৎ রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে। এজন্য দুই দেশ একটি যৌথ চুক্তি ও ওয়ার্কিং গ্রুপ গঠন করবে।

‘চুক্তির আলোকে ওয়ার্কিং গ্রুপ যাচাই-বাছাই করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাবে। আমি এ আলোচনায় খুবই আশাবাদী।’

তিনি বলেন, বৈঠকে রোহিঙ্গা সঙ্কট ছাড়াও দুই দেশের সীমান্তে নিরাপত্তা ইস্যুসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে কিছুদিনের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন।

বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।

Related Articles

Back to top button