কথা কাটাকাটির জেরে বানিয়াচংয়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত


বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে জনাব আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ফয়সল মিয়ার উপর্যুপরি ছুরিকাঘাতে একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তুহিন মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন। আহত তুহিন বানিয়াচং যাত্রাপাশা মহল্লার জয়নাল মিয়ার পুত্র। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জনাব আলী ডিগ্রি কলেজ গেইটের সামনে এ ঘটনা ঘটে । সুত্র জানায়,কয়েকদিন পূর্বে প্রথমরেখ গ্রামের রবি হোসেনের কলেজ পড়–য়া পুত্র ফয়সল মিয়ার সাথে যাত্রাপাশা মহল্লার জয়নাল মিয়ার কলেজ পড়–য়া পুত্র তুহিনের কলেজ ক্যাম্পাসের বাহিরে নারিকেল গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়।
পরে এক ছাত্রলীগ নেতার হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়। এরই জের ধরে সোমবার ফয়সল ও তার কয়েকজন বহিরাগত বন্ধুদের নিয়ে কলেজ গেইটের সামনে অবস্থান নেয়। ক্লাস শেষে তুহিন কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া মাত্রই ফয়সল ছুরি দিয়ে উপর্যুপরি তার পিঠে আঘাত করে দৌড়ে পালিয়ে যায় ফয়সল। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তুহিনকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তুহিনের অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে ফয়সলের সহযোগী রিপনকে (২২) আটক করে শিক্ষার্থীসহ স্থানীয়রা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেখাছ মিয়ার কাছে নিয়ে আসে তারা। আটক রিপন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে। তার বাড়ি ঠাকুরাইন দীঘির পাড়। বাবার নাম মৃত রিফাত উল্লা। এদিকে আহত তুহিন উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির উপসম্পাদক হিসেবে তার নাম ছিল। আর ফয়সল কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলে একটি সুত্র নিশ্চিত করেছে। তবে এদের দুইজনের মধ্যে দলীয় বিষয় নিয়ে কোন ঝগড়া হয়নি ।
ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার এসআই রাজীবুল ইসলাম রাজিব ও এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদল পুলিশ এসে আটক রিপন কে থানায় নিয়ে যান। সেখানে তার দেহ তল্লাশি করে নেশা জাতীয় দ্রব্য হেরোইন পাওয়া গেছে বলে জানিয়েছেন এসআই ওমর ফারুক মোড়ল। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের কোন খবর পাওয়া যায়নি।





