লিড নিউজ

নেইমারকে মেসির বিষয়ে কী প্রশ্ন করেছিলেন কাভানি?

স্পোর্টস ডেস্ক:  ফুটবল বিশ্ব এখন মেতে আছে নেইমার আর এডিনসন কাভানিকে নিয়ে। কিছু দিন আগে ফরাসি লিগে লিঁও’র বিপক্ষে পেনাল্টি নিয়ে মাঠেই নেইমার-কাভানির মধ্যে কথা কাটাকাটি হয়। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বোমা ফাটালো স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পেইস’।

‘এল পেইস’ এর বরাত দিয়ে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ওই দিন মাঠে ঝগড়া গড়ায় ড্রেসিংরুম পর্যন্ত। সেখানেও এই দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে নেইমারের দিকে তেড়েও যান কাভানি। নেইমারকে উদ্দেশ্য করে কাভানি বলেন, ‘তুমি কে? তুমি কি নিজেকে মেসি মনে করো?’

গেল আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজে নেইমারকে দলে ভেড়ায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বার্সেলোনা থেকে প্যারিসে যাওয়ার পর শুরুটাও ভালো হয় নেইমারের। কিন্তু দেড় মাস যেতে না যেতেই দলের মধ্যে শুরু ঝামেলা। পিএসজির হয়ে নেইমারের প্রথম মৌসুম হলেও কাভানি কাটিয়ে দিয়েছেন পাঁচটি মৌসুম।

ঝামেলার শুরু হয় কে নেবেন পেনাল্টি শট? এর সমাধানেই ঘটনা মাঠ থেকে চলে আসে ড্রেসিংরুম পর্যন্ত। মাঠে প্রথম দফায় ম্যাচের ৫৭ মিনিটে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন উরুগুয়ে ফরোয়ার্ড কাভানি। কিন্তু নেইমারের স্বদেশী দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। এরপর ৭৯তম মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমার কিক নিক। কাভানি সেটিও হতে দেননি। নিজেই কিক নেন। এ নিয়েই শুরু হয় বাকবিতণ্ডা।

 

Related Articles

Back to top button